মুন্সীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

নিহত ফারদিন (১৭) উপজেলার হরপাড়া গ্রামের মো. মিলনের ছেলে। আহত মোটরসাইকেল চালক মিঠু (২২) একই উপজেলার বাঁশপট্টি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারদিনকে মৃত ঘোষণা করা হয় বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন।