দুমকিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

পটুয়াখালীর দুমকিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সুবিধাভোগী পরিবার নির্বাচনের জন্য তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলন সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। একই দিনে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘পরিবারই উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া তুলে ধরেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবার শনাক্ত করে তালিকাভুক্ত করা হবে।

এ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রকৃত সুবিধাভোগীদের তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।