বুড়িগঙ্গার দূষণ রোধে কেরানীগঞ্জে অভিযান

ঢাকার চারপাশের নদীসমূহের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধারে গঠিত কেন্দ্রীয় সেলের নির্দেশনায় বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। 

গত ১৮ আগস্ট  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদী রক্ষায় কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এই রোস্টারভিত্তিক এনফোর্সমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অভিযান পরিচালনাকালে কেরানীগঞ্জ এলাকার বসুন্ধরা মাল্টিফুড ও আগানগর ডায়িং ফ্যাক্টরিসহ ৪টি শিল্প প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা (ইটিপি) এবং সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা পর্যালোচনা করে যথাযথ নির্দেশনা দেয়া হয়। বর্জ্যের মান পরীক্ষার লক্ষ্যে ২টি কারখানা থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া আইনগত পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে লিখিত নোটিশ জারি করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের জানান, নদী দূষণ রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ইটিপি চালু না রেখে সরাসরি নদীর পানিতে কেমিক্যাল বা বর্জ্য ফেলা পরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ।

৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করে আইনগত মানদণ্ড অনুসরণের নির্দেশ দিয়েছি এবং নমুনা পরীক্ষা ও নোটিশ জারি করেছি। কোনো প্রতিষ্ঠান পরিবেশ আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।