ফুলগাজীতে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত, ৫ হাজার টাকা জরিমানা

ফেনীর ফুলগাজী উপজেলা সদরের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বাসাবাড়িতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত বসুন্ধরা গ্রুপের ১৩টি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে মো. সোহেল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা জেরিন।

অভিযান চলাকালে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত রাখার বিষয়টি যাচাই করে প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত রাখা সিলিন্ডারগুলো দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়ি থেকে সরিয়ে দোকানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়।

ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা জেরিন জানান, প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়ে একই ধরনের অনিয়ম অন্য কোনো দোকান বা স্থানে দেখা গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অভিযানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।