ড্যানিয়েল ক্রেইগের পর কে হবেন নতুন জেমস বন্ড? বেশ কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে চলছে বিশ্লেষণ। কিছুদিন আগে বাছাইপর্বে নাম এসেছিল বেশ কয়েকজন হলিউড তারকার। সেই তালিকা ছাপিয়ে নতুন জেমস বন্ডের তালিকায় নাম উঠেছে স্কটিশ অভিনেতা জ্যাক লোডেনের।
লোডেনের নাম নতুন জেমস বন্ড হিসেবে আলোচনায় আসার পেছনে রয়েছেন তার সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত মাসে কানাডার টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য মর্নিং শো’-তে কথা বলার সময় ওল্ডম্যান জানান, বন্ড চরিত্রের সম্ভাব্য অভিনেতাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে লোডেনের নাম। এমনকি নতুন বন্ড নির্বাচন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। লোডেনের জন্য শুভকামনাও জানান এই অভিনেতা।
অ্যাপল টিভির গুপ্তচরবিষয়ক ধারাবাহিক ‘স্লো হর্সেস’-এ একসঙ্গে অভিনয় করেছেন ওল্ডম্যান ও লোডেন। যদিও পরে নিজের বক্তব্যের বিষয়ে কিছুটা ব্যাখ্যা দেন ওল্ডম্যান। নতুন বন্ড হিসেবে কাকে বেছে নেয়া হয়েছে, তা তিনি নিশ্চিতভাবে জানেন না এমন ইঙ্গিতও পাওয়া যায় তার বক্তব্যে। এ বিষয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওসের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে এরই মধ্যেই নতুন করে আলোচনায় লোডেনের স্ত্রী, চারবারের অস্কার মনোনীত অভিনেত্রী সাওয়ার্সি রোনান। তবে বন্ডের জগতে প্রবেশ করতে চাইলে নায়িকা নয়, বরং খলনায়িকার চরিত্রেই দেখা যেতে চান তিনি। রোনানের ভাষায়, ‘আমি অন্ধকারে ডুব দিতে চাই। স্বামীকে ঘিরে বন্ড হওয়ার গুঞ্জন নিয়ে আগ্রহ না দেখালেও এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের সম্ভাব্য উপস্থিতি নিয়ে বেশ স্পষ্ট রোনান। এম্পায়ার সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, বন্ডের খলনায়িকা হতে চাই। কথাটা আমি একেবারেই সিরিয়াসলি বলেছি।’
ব্যক্তিজীবনে রোনান ও লোডেন বিয়ে করেন ২০২৪ সালে। গত বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। বর্তমানে রোনান ব্যস্ত নির্মাতা স্যাম মেন্ডেসের বিটলস নিয়ে নির্মিত চারটি সিনেমার কাজে। সেখানে তিনি সংগীতশিল্পী পল ম্যাককার্টনির স্ত্রী লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করছেন। সব মিলিয়ে, লোডেনের নতুন জেমস বন্ড হওয়ার গুঞ্জন আর রোনানের খলনায়িকা হওয়ার আগ্রহ দুটি বিষয়ই ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে।