আনোয়ারায় পারকি সৈকতে ২৪ একর খাসজমি উদ্ধার 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এসব জমি উদ্বারের পর স্থাপন করা হয়েছে সরকারি সাইনবোর্ড। উদ্ধার করা জমিতে পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সম্প্রতি ওই জায়গায় সাইনবোর্ড টাঙিয়ে এসব জায়গা দখলমুক্ত করা হয়। 

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সৈকতের পার্কিং এলাকার আশপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। জায়গাগুলো  দীর্ঘদিন ধরে স্থানীয়  আওয়ামীলীগ নেতা মো.এরফান অবৈধভাবে  দখল করে মাছ চাষ করে আসছিল বলে জানা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধার করা জমিতে পারকি সমুদ্র সৈকতে আসা পর্যটকদের জন্য আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার করা সরকারি জমি আওয়ামী লীগ নেতা মো. এরফানের দখলে ছিল।আনোয়ারার অন্যতম পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বাড়লে যানবাহন পার্কিং নিয়ে ভোগান্তি তৈরি হয়। উদ্ধার করা জমিতে আধুনিক পার্কিং ব্যবস্থা চালু হলে পর্যটকদের দুর্ভোগ কমার পাশাপাশি সৈকতের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে সরকারি জমি যেন পুনরায় বেদখল না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তারা।