ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা

সফল হওয়ার জন্য সবাই চেষ্টা করে। সবার চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না। কখনো কঠোর পরিশ্রমের পরও ব্যর্থতা আসে। কখনো সঠিক পরিকল্পনা থাকা সত্ত্বেও পরিস্থিতি অনুকূলে থাকে না। তখন প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস ও নতুন করে শুরু করার সাহস। ইসলাম এই বিষয়ে নানা দিকনির্দেশনা দিয়েছে।

আমাদের সমাজে ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করার প্রবণতা কম। পরীক্ষায় খারাপ ফল করলে শিক্ষার্থীকে অপমানিত হতে হয়। ব্যবসায় লোকসান হলে অনেকেই তাকে অযোগ্য মনে করেন। কর্মজীবনে পিছিয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা। এসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের মনে ভয় তৈরি করে। নতুন কিছু করার আগেই সে ব্যর্থতার আশঙ্কায় পিছিয়ে যায়।

ব্যর্থতা মানেই পরাজয় নয় : জীবনের কোনো একটি ক্ষেত্রে ব্যর্থ হওয়া আর পুরো জীবনে পরাজিত হওয়া এক কথা নয়। একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করতে না পারলেও তার অন্য প্রতিভা থাকতে পারে। একজন ব্যবসায়ী লোকসানের মুখে পড়লেও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো করতে পারেন। চাকরি না পাওয়া মানেই কারও যোগ্যতা নেই, এমন নয়।

মানুষের জীবনে সাফল্যের পথ এক রকম নয়। কারও জীবনে সুযোগ আসে দ্রুত, কারও ক্ষেত্রে সময় লাগে। কেউ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান, আবার কেউ প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার পর নতুন সম্ভাবনা খুঁজে পান। তাই অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া জরুরি।

একটি ব্যর্থতার কারণে নিজেকে অযোগ্য ভাবা যেমন ঠিক নয়, তেমনি ব্যর্থতার দায় সম্পূর্ণ অন্যের ওপর চাপিয়ে দেওয়াও সমীচীন নয়। বরং কোথায় ভুল হয়েছে, কোন সিদ্ধান্তটি যথাযথ ছিল না এবং কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তা খুঁজে দেখা প্রয়োজন। আত্মসমালোচনা মানুষকে দুর্বল করে না, বরং সঠিকভাবে করতে পারলে তা আত্মউন্নয়নের পথ খুলে দেয়।

ব্যর্থতার ভয় মানুষকে পিছিয়ে দেয় : ব্যর্থতার চেয়ে অনেক সময় ব্যর্থতার ভয় মানুষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। কেউ নতুন ব্যবসা শুরু করতে চান, কিন্তু লোকসানের আশঙ্কায় এগিয়ে যান না। কেউ নিজের সৃজনশীল কাজ প্রকাশ করতে চান, কিন্তু অন্যের সমালোচনার ভয়ে তা গোপন রাখেন। কেউ নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করতে চান, কিন্তু অন্যদের সামনে ভুল করার ভয়ে শুরুই করেন না।

ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ : ব্যর্থতার সবচেয়ে বড় উপকার হলো, এটি মানুষকে নিজের কাজ ও সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনা করার সুযোগ দেয়। তবে ব্যর্থতা থেকে শিক্ষা পাওয়ার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। এর জন্য প্রয়োজন সততা, ধৈর্য ও আত্মবিশ্লেষণ।

কোনো কাজে ব্যর্থ হলে প্রথমেই আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কিছুটা সময় নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। দেখতে হবে, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল কিনা, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল কিনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়া হয়েছে কিনা কিংবা পরিস্থিতির পরিবর্তন যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কিনা?

একই সঙ্গে নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোও বুঝতে হবে। সব ব্যর্থতার জন্য মানুষ নিজে দায়ী নয়। কখনো প্রতিকূল পরিস্থিতি, অপ্রত্যাশিত পরিবর্তন কিংবা অন্যের সিদ্ধান্তের কারণেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। ব্যর্থতার পর একই পদ্ধতিতে বারবার চেষ্টা করাই সব সময় বুদ্ধিমানের কাজ নয়। কোনো পদ্ধতি কার্যকর না হলে তা পরিবর্তন করতে হবে। প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে। নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এভাবেই ব্যর্থতার অভিজ্ঞতা ভবিষ্যতের সাফল্যের সহায়ক হয়ে উঠতে পারে।

ব্যর্থতা মোকাবিলায় ইসলামের শিক্ষা : ইসলাম মানুষকে হতাশ হতে নিষেধ করেছে। জীবনে বিপদ, প্রতিকূলতা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি আসতে পারে। এসব অবস্থায় ধৈর্য ধারণ, আল্লাহর ওপর ভরসা রাখা এবং সৎ পথে চেষ্টা চালিয়ে যাওয়া মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।’ (সুরা আলে ইমরান ১৩৯)

এই আয়াত মুমিনকে হতাশার কাছে আত্মসমর্পণ না করে ইমান ও মনোবল ধরে রাখার শিক্ষা দেয়। জীবনের কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফল না পেলে মনে করা উচিত নয় যে, সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। বরং মহান আল্লাহর ওপর ভরসা রেখে নিজের দায়িত্ব পালন করতে হবে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে।

তবে এই আয়াতের অর্থ এমন নয় যে, প্রত্যেক প্রচেষ্টায় দুনিয়াবি সাফল্য নিশ্চিত। বরং এর শিক্ষা হলো, প্রতিকূলতার মধ্যেও ইমান, আত্মবিশ্বাস ও নৈতিক দৃঢ়তা ধরে রাখা। সাফল্য ও ব্যর্থতা উভয় পরিস্থিতিতেই আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।

আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ ৫-৬)

এই আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয়, কষ্টের সময় চিরস্থায়ী নয়। প্রতিকূলতার মধ্যেও স্বস্তি ও উত্তরণের সুযোগ তৈরি হয়। তাই কোনো কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হলে ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে হবে। মহান আল্লাহ আরও বলেন, ‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা জুমার ৫৩)

এই নির্দেশনা মানুষের মনে আশার সঞ্চার করে। ভুল, ক্ষতি কিংবা ব্যর্থতার পরও ফিরে আসার সুযোগ রয়েছে। মানুষ নিজের ভুল সংশোধন করতে পারে, জীবনকে নতুনভাবে সাজাতে পারে এবং কল্যাণের পথে এগিয়ে যেতে পারে। তাই অতীতের কোনো ব্যর্থতাকে ভবিষ্যতের সব সম্ভাবনা বন্ধ হয়ে যাওয়ার কারণ মনে করা উচিত নয়।

ধৈর্য ও ইতিবাচক মনোভাবের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক। তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কারও জন্য এমনটি নয়। তার আনন্দের কিছু ঘটলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর তার বিপদ ঘটলে সে ধৈর্য ধারণ করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়।’ (সহিহ মুসলিম)

এই হাদিস থেকে বোঝা যায়, একজন মুমিন প্রতিকূল পরিস্থিতিতেও কল্যাণের পথ খুঁজতে পারেন। কোনো কাজে ব্যর্থ হলে তিনি ধৈর্য ধারণ করেন, নিজের দায়িত্ব পর্যালোচনা করেন এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। তবে ধৈর্য মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। বরং হতাশায় ভেঙে না পড়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাও ধৈর্যের অংশ।

ব্যর্থতার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : ব্যর্থতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সংস্কৃতি গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় প্রত্যাশিত ফল না করলে তাকে অপমান না করে তার সমস্যার কারণ বুঝতে হবে। কোথায় ঘাটতি রয়েছে, তা শনাক্ত করে তাকে নতুনভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে হবে।

একইভাবে কর্মক্ষেত্রে কোনো কর্মীর ভুল হলে শুধু শাস্তি দেওয়ার কথা না ভেবে দেখতে হবে, ভুলটি অনিচ্ছাকৃত ছিল কি না এবং তা থেকে কী শিক্ষা নেওয়া যায়। অবশ্য দায়িত্বহীনতা, অবহেলা ও অসততাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভুল থেকে শেখার সুযোগ দেওয়ার পাশাপাশি জবাবদিহি ও দায়িত্বশীলতাও নিশ্চিত করতে হবে।

ঘুরে দাঁড়ানো : ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে হলে প্রথমে নিজের মানসিক স্থিতি ফিরিয়ে আনতে হবে। হতাশা বা রাগের বশে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পরিস্থিতি বুঝে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে হবে। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করলে অগ্রগতি পরিমাপ করা সহজ হয়।

লেখক : ইমাম, খতিব ও মাদ্রাসাশিক্ষক