অপু বিশ্বাসের জন্মদিনের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সাদাকালো আবহে কেক হাতে তোলা একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে ছবির ক্যাপশনে ‘বার্থডে গার্ল’ লেখাকে কেন্দ্র করে নেটিজেনদের কেউ কেউ আপত্তিও জানিয়েছেন।
গতকাল ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে কখনো হাতে কেক, আবার কখনো ক্যামেরার সামনে স্টাইলিশ ভঙ্গিতে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে। বিশেষ দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের ভালোবাসার এই বার্তাও ভক্তদের নজর কেড়েছে।
জন্মদিনের আগেও সাদাকালো একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সেখানে নতুন সাজে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
এদিকে জন্মদিনের ছবির প্রশংসা করলেও ক্যাপশনের ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন নেটিজেন। তাদের মতে, ‘গার্ল’-এর পরিবর্তে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। একজন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
তবে এসব মন্তব্যের পাশাপাশি অধিকাংশ ভক্তই অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার নতুন লুকের প্রশংসা করেছেন।