আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন

দীর্ঘ অপেক্ষার অবসানের পর এ বছরই মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। ২০২৫ সালের ৩০ জানুয়ারি প্রথম সিজন প্রকাশের পর থেকেই দর্শকরা পরবর্তী পর্বের অপেক্ষায় ছিলেন। শিগগিরই চরকির পক্ষ থেকে মুক্তির আনুষ্ঠানিক তারিখ জানানো হবে।

১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকা-ের ইতিহাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধ পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ওপর নির্যাতন ও উচ্ছেদের ঘটনা ফুটিয়ে তোলা হয়। গল্পের মূলে ছিল ফটোগ্রাফার সুনীলের রহস্যজনক নিখোঁজ হওয়া। বাবার তোলা ছবির সূত্রে সত্য অনুসন্ধানে নামা ছেলে ড্যানিয়েলকে কেন্দ্র করে এগিয়েছিল প্রথম পর্ব।

নির্মাতারা জানান, দুই সিজনের শুটিং একসঙ্গে হলেও পরিকল্পনা অনুযায়ী কিছুটা বিলম্বে আসছে দ্বিতীয় সিজন। এই পর্বেই মূল কাহিনির পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটবে। তবে দর্শক সাড়া পেলে ভবিষ্যতে নতুন গল্প নিয়ে পরবর্তী সিজনের পরিকল্পনাও রয়েছে। সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ ও তানভীর অপূর্ব।