হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

ডারবান টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে বিশাল রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচ জয়ের সুবাস পাচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৯০ রান তোলার পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১৯০ করা ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসেও ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এ ছাড়া শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১২ বলে ৩২ রানের টর্নেডো ইনিংস খেলে প্রোটিয়াদের সামনে ৪২১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করান। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জশ হ্যাজলেউডের বোলিং তোপের মুখে পড়েছে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে তারা। ম্যাচ জিততে প্রোটিয়াদের এখনো ৩১৯ রান প্রয়োজন, আর অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৬টি উইকেট।

গতকাল বিরল এক রেকর্ড স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান লাবুশেন। দুই ইনিংসেই ৫৮ বল খেলে ৩৭ রান করেন তিনি। ৪৮ বছর আগে ভারতের সৈয়দ কিরমানি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই ৬২ বলে ২৯ করেছিলেন।