জিমিদের ক্যাম্প কাল শুরু

এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অংশ নিতে আগামীকাল থেকে ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আসরকে সামনে রেখে সোমবার ২৬ সদস্যের খেলোয়াড় তালিকাসহ দলের কর্মকর্তা ও কোচিং স্টাফদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

ঘোষিত দলে রয়েছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন।

দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল কান্তি রায়। সহকারী ম্যানেজার আকিল সিদ্দিক, প্রধান কোচ গেরহার্ড পিটার রাখ, কোচ শহিদুল্লাহ টিটু, ভিডিও অ্যানালিস্ট ইমরান হাসান এবং ফিজিও তৌহিদুল ইসলাম। হকি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত খেলোয়াড়দের বুধবার দুপুর ২টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। সেখান থেকেই শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির প্রস্তুতি।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ছয় দলের এই আসর। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৭ অক্টোবর ভারতের সঙ্গে।