দলের নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

দলের নেতাকর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘নেতাকর্মীদের সহনশীল ও দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।’ গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএসএম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলের মতো কোনো আচরণ করছে না’Ñ এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ দেশ থেকে টাকা লুট করেছে, মানুষের জায়গা দখল করেছে, মানুষের গোয়ালঘরের গরু নিয়ে গেছে, পুকুরের মাছ পর্যন্ত তারা ধরে নিয়ে যেতÑ গোটা দেশটাকে অরাজকতার মধ্যে ফেলে নিজেদের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিস্টরা। সেটার পুনরাবৃত্তি বিএনপি করবে না, হতেও দেবে না। বিএনপি হচ্ছেÑ শান্তি, স্থিতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা একটি রাজনীতিক দল।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমরা প্রত্যেকে কিন্তু সরকারের অংশ। আমরা কে কোন পদ পেলাম না পেলাম, সেটা বিষয় না। আজকে এই সরকার যদি তার ভাবমূর্তি ভালো রাখে এবং যে নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছে, সেটা যাতে অব্যাহত রাখে, সে ব্যাপারে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আজকে এমপিদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে; এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের চেষ্টা করতে হবে তাদের সহযোগিতা করার।’ তিনি বলেন, ‘আমরা তো রাজনীতি করিনি রাতারাতি বড়লোক হওয়ার জন্য, সারের ডিলার আর ঠিকাদারি পাওয়ার জন্য। এতদিনের রাজনীতি আর সংগ্রামকে যদি ডিলার বা ঠিকাদারের কাজের জন্য বিক্রি করে দিই, তাহলে তো আমরা বড় কিছু অর্জন করতে পারব না। আমাদের বৃহত্তর অর্জন হবে সাধারণ মানুষ, ভোটাররা যাতে দেখে যে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল। বিএনপির নেতাকর্মীরা ওই ফ্যাসিবাদী আমলের মতো কোনো আচরণ করছে না। সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তিময় অবস্থা বজায় রাখতে হবে।’ রিজভী বলেন, ‘নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গতকাল অবসরপ্রাপ্ত দুজন সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নানাভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরাজিত শক্তি কাজ করছে।’

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমান পেরার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল। সভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং বর্তমান কমিটির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী প্রমুখ।