রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। গত রবিবার মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মূল হোতা আলমগীর হোসেন, রিফাতুল ইসলাম অন্তর, রহিম বাদশাহ ও সোহাগ।
গতকাল সোমবার এসআরবি ২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার চারজনের মধ্যে ঘণ্টা চুরির সঙ্গে জড়িতদের মূল হোতা আলমগীর ও চুরি হওয়া ঘণ্টার ক্রেতা অন্তর। এর আগে ৩ অক্টোবর এ ঘটনায় রহিম ও সোহাগ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি প্রস্তুতির একটি ও সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে।
এর আগে ১ অক্টোবর আসাদগেট-সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ঘণ্টা চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এর ধারাবাহিকতায় ৩ অক্টোবর মোহাম্মদপুর থেকে রহিম ও গাজীপুর থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে ১১ অক্টোবর লালমাটিয়ায় অভিযান চালিয়ে আলমগীর ও অন্তরকে গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া ঘণ্টা ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।