ঝিলমিল প্রকল্পে বাস টার্মিনাল উদ্বোধন

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শহরের ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত ‘চাপ কমাতে’ দক্ষিণাঞ্চলগামী ১৯ জেলার বাসের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্পে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ টার্মিনাল উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯ জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে। পাশাপাশি নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।