চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার একটি গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সাততলা ভবনটির ষষ্ঠতলায় আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখার সময় রাত ১২টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এরই মধ্যে আগুন ভবনটির পঞ্চমতলা ও পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। গোডাউন বন্ধ ও বদ্ধ জায়গায় হওয়ায় সহজে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সরু গলি ও পানি স্বল্পতায় আগুন নেভাতে বেগ পতে হচ্ছে। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মনজুর খান প্লাজার দ্বিতীয় থেকে চতুর্থতলা পর্যন্ত দোকান এবং পঞ্চম থেকে সপ্তমতলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুদ করা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে পরিপূর্ণ।

স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেলে ভবনটির ষষ্ঠতলার এক পাশে প্রথমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বেরিয়ে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল থাকায় আগুনের তীব্রতাও বাড়তে থাকে।

এদিকে সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে বাধার মুখে পড়ে।