‘সুলতানার স্বপ্ন’ নিয়ে হিমালয়ে যাবেন লিসা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক’ তালিকায় স্থান পাওয়া রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী সাহিত্য ‘সুলতানা’স ড্রিম’কে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পর্বতারোহণবিষয়ক সংগঠন ‘অভিযাত্রী’।

‘সুলতানার স্বপ্ন অবারিত’ সেøাগান সামনে রেখে বাংলাদেশের নারী পর্বতারোহী ইয়াসমিন লিসা নেপালের মাউন্ট আমা দাবলাম অভিযানে যাত্রা শুরু করেছেন। গতকাল সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। এ সময় ইয়াসমিন লিসার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, অতীতেও বেগম রোকেয়ার মতো অগ্রগণ্য নারীদের বাধার মুখে পড়তে হয়েছে, যার প্রতিফলন এখনো সমাজে রয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের মুক্তির দিগন্ত প্রসারে মুক্তিযুদ্ধ জাদুঘর কাজ করছে এবং নারী পর্বতারোহীদের এই উদ্যোগে জাদুঘরের সমর্থন ও সহযোগিতা রয়েছে।

নারীর ক্ষমতায়ন ও মুক্তির এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে ঢাকা-আমেরিকান উইমেন্স ক্লাব সম্মানিত বোধ করছে জানিয়ে ক্লাবের প্রেসিডেন্ট রুমানা হাবিব বাংলাদেশের নারীদের প্রচলিত ধারণা ও সামাজিক বাধা অতিক্রম করে নিজেদের গল্প নতুন করে লেখার এই প্রচেষ্টায় সংশ্লিষ্ট সবাইকে গর্বিত হওয়ার আহ্বান জানান।

অভিযান প্রসঙ্গে পর্বতারোহী ইয়াসমিন লিসা বলেন, যারা পাহাড় সম্পর্কে জানেন, তারা আমা দাবলামের সৌন্দর্য ও ভয়াবহতা সম্পর্কে অবগত। পাহাড়টি একই সঙ্গে ভীষণ সুন্দর ও বিপজ্জনক। তবু নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই অভিযান সফল করার আশা রাখছি।