দেশের একমাত্র দল হিসেবে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া কথা রাখেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত একটি উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এটি জনগণের জন্য উপহার। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ বিএনপিই করবে বলেও জানান তিনি।
ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ নিয়ে সমালোচনার জবাবে শফিকুল ইসলাম খান বলেন, অনেকে বলছেন, মাত্র ২ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে। যারা এর চেয়ে বেশি সহায়তা দিতে পারবেন, তারা তা দিয়ে দেখান। তিনি বলেন, অনেকে বড় বড় কথা বললেও জনগণের জন্য কাজ করেন না।
ফ্যামিলি কার্ড নিয়ে দলের ভেতরে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রকৃত যোগ্য পরিবার যেন ফ্যামিলি কার্ড পায়, তা নিশ্চিত করতে হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো বিভেদ বা বিভক্তি তৈরি করা হবে না।
তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে শফিকুল ইসলাম খান জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজে ১ হাজার ৯১৭ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ সময় ভুল তথ্য দিয়ে বা বিভ্রান্তি ছড়িয়ে কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকা-কে গুরুত্ব দেওয়া হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক।