ডিএসসিসি প্রশাসক জানালেন

নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল সোমবার ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪ লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী প্রদানে ‘হারপিক’ ও ‘সাজেদা ফাউন্ডেশন’র সহযোগিতা প্রশংসনীয়।

নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা থেকে বিরত থাকলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও বহুগুণে কমানো সম্ভব হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই ঢাকা শহর আমাদের সবার, আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রী ও নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন এবং হাই-ভিজিবিলিটি ভেস্ট।

সংশ্লিষ্টরা বলেন, এসব উপকরণ পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করবে। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পালাশী এলাকার এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি র্কপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।