শিবালয়ে ফ্যামিলি কার্ড জরিপ শুরু 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের জরিপ শুরু হয়েছে। প্রাথমিকভাবে উপজেলার তেওতা, উলাইল ও মহাদেবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী দবির উদ্দিন আহম্মেদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসপিএস টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ইউপি সদস্য বশির উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম ও বিএনপি নেতা রবিউল বারী হিরু প্রমুখ।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

শিবালয় উপজেলায় মোট পরিবারের সংখ্যা ৫০ হাজার ৩২। জরিপে তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই করে যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলার সাত ইউনিয়নের ৬৫ ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য ৭৪ জন তথ্য সংগ্রহকারী এবং রিজার্ভসহ আটজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজে নিয়োজিত কর্মীদের তথ্য সংগ্রহের বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তারা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার বলেন, সারা দেশের মতো শিবালয়েও ফ্যামিলি কার্ডের জন্য খানাভিত্তিক তথ্য সংগ্রহের জরিপ শুরু হয়েছে। তবে মাত্র ১৫টি ট্যাবলেট পাওয়ায় আপাতত তিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, জরিপের সময় পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং নারীপ্রধানের নামে নিবন্ধিত সক্রিয় বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে।

ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যথায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতেই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে।