দুর্গাপূজায় মুরাদনগরে ২৪ ঘণ্টার হটলাইন চালু

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে পুলিশের সাড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একে এম কামরুজ্জামান। এ লক্ষ্যে সার্বক্ষণিক কুইক রেসপন্স টিম ও ২৪ ঘণ্টার হটলাইন চালু থাকবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে মুরাদনগর থানা কমপ্লেক্সে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, জরুরি প্রয়োজনে ০১৩২০১১৪২৬১ নম্বরে যোগাযোগ করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি ভুয়া তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা পূজা ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি অধ্যাপক দ্বীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।