হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার (১৩অক্টোবর) সকালে স্বশরীরে আদালতে হাজির হন।

মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। 

এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা  মামলাটিতে (নম্বর ১৯, তারিখ: ০৯/০৯/২০২৪) নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে শুনানী শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না ও জয় বাংলা’ স্লোগান দেয় এবং আদালত ত্যাগ করেন। আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, আজ সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে পুনর্জামিনে আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।