বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। মন্ত্রিসভায় অনুমোদন পেলে স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী বিষয়টি নিয়ে নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।