দূর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটির সভা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি’র প্রথম সভা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। সদস্যসচিব ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা ।

সভায় দেশব্যাপী আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে কার্যক্রম সমন্বয় করছেন।

সভায় বিএনপির জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলোকে স্থানীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন এবং এসব কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে পাঁচশো কেজির পরিবর্তে ছয়শো কেজি চাল বরাদ্দ,  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদান চার কোটি টাকা থেকে এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা নির্ধারণ এবং ছুটি এক দিন বাড়ানোসহ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সার্বিক কার্যক্রমে বিএনপির পক্ষ থেকে সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বিএনপির পক্ষ থেকে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে সহযোগিতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন এমপি এবং সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে সদস্যরা রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে পূজা উদযাপন ও প্রস্তুতির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রামকৃষ্ণ মিশনের মহারাজ অম্বেশানন্দ মহারাজ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও জন গোমেজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এমপি, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, ছাত্রদলের সাবেক সহসভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ কমিটির অন্যান্য সদস্য।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ কমিটিতে ইতোপূর্বে সংশোধন আনা হয়েছে। সংশোধিত কমিটিতে মিল্টন বৈদ্যর পরিবর্তে দলের নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের আমলে প্রথম দুর্গাপূজা আনন্দ-আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানানো হয়।