দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুমিল্লার দেবীদ্বারে টমেটোখেতে দিনমজুর মোশাররফ হোসেনকে হত্যার মামলায় আবদুল মজিদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ নভেম্বর সকালে মোশাররফ হোসেন ও আবদুল মজিদ দুটি কোদাল নিয়ে একটি টমেটোখেতে কাজ করতে যান। পরে ওই জমিতে মোশাররফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় মোস্তফা কামাল বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু জাহের। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় আবদুল মজিদকে গ্রেপ্তার করেন। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের জবানবন্দি, জেরা এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন। এরপর তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট নাহিদ সুলতানা মুক্তি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

মামলায় আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রৌশন আরা বেগম (স্বপ্না)। দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাঠালিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।