সীতাকুণ্ডে আগুনে পুড়ল ছয় কক্ষের বসতঘর, ক্ষতি ১২ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে শিবু কর্মকারের ছয় কক্ষবিশিষ্ট বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের উত্তর ছালিমপুর এলাকার ফৌজদারহাট বাংলা বাজারের বিজয় ডাক্তার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘরে থাকা একটি রেফ্রিজারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি কক্ষের সব মালামাল পুড়ে যায়। আগুনের তাপে ঘরের টিনের চালও ধসে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, আগুনে ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা বলে দাবি পরিবারের সদস্যদের।

কুমিরা ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর আলাউদ্দিন বলেন, 'সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের সহযোগিতায় পানি ছিটিয়ে আগুন নেভানো হয়।'

পরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।