সুজুকি ডে ২০২৬-এ উন্মোচিত ভি-স্ট্রোম এসএক্স ২৫০

দেশের বাজারে নতুন অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরবাইক ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’ উন্মোচন করেছে সুজুকি বাংলাদেশ (র‍্যাংকন মোটর বাইকস লিমিটেড)। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) আয়োজিত ‘সুজুকি ডে ২০২৬’ অনুষ্ঠানে হাজারো বাইকার ও বাইকপ্রেমীর উপস্থিতিতে নতুন মডেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন এই মোটরবাইকের নির্ধারিত বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। তবে বাজারে উন্মোচন উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাইকটি প্রি-বুকিং অথবা কিনলে ২০ হাজার টাকা ছাড়ে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায় কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা।

দিনব্যাপী আয়োজনে বাইকারদের জন্য ছিল লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং মোটরবাইক ও বাইকিং সরঞ্জামের প্রদর্শনী। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় মেগা মিউজিক্যাল কনসার্ট।

কনসার্টে দেশের জনপ্রিয় রকব্যান্ড জেমস, ওয়ারফেজ ও কার্নিভাল সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।