পরিত্যক্ত সম্পত্তিতে বড় প্রকল্পের পরিকল্পনা সরকারের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত কারখানা ও ১০ একর সম্পত্তি পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, সম্পত্তিটি কাজে লাগিয়ে বড় প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, সরকারের সব স্থাপনা ও সম্পদ যেন সঠিকভাবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, হাসিনা আমলে সম্পদগুলো পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল। সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।

আহমেদ আযম খান আরও বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্পত্তিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রের এমন ক্ষতি আর হতে দেওয়া হবে না।

মন্ত্রী জানান, ওই জায়গায় বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের উদ্দেশ্য। এ বিষয়ে ঢাকায় ফিরে আলোচনা করা হবে। এরপর এলাকার জন্য যেটি সবচেয়ে ভালো হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সফরসঙ্গী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জায়গা ও কারখানা কীভাবে প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায়, তা পর্যালোচনা করা হচ্ছে। দুই দিনের চট্টগ্রাম সফরে ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও একইভাবে সরেজমিনে পরিদর্শন করা হবে।

এ সময় রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ উপস্থিত ছিলেন।