পেরুতে ‘বিটিএস ঝড়’

বিশ্বজুড়ে আলোড়ন তোলা কে-পপ ব্যান্ড দল বিটিএস এবার উন্মাদনা ছড়ালেন পেরুতে। সেখানকার লিমায় বিটিএসের কনসার্টে উপচে পড়া ভিড়, জিমিনের জন্মদিনের বিশেষ আয়োজন ভক্তদের উন্মাতাল করে তোলে। 

নিজেদের ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে সফল কনসার্ট সম্পন্ন করেছে দক্ষিণ কোরিয়ার এই গানের দলটি। লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই তিনটি কনসার্টে অংশ নিয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক। ভক্তদের তুমুল চাহিদার কারণে অতিরিক্ত একটিসহ মোট তিনটি শো সফলভাবে সম্পন্ন করেছে ব্যান্ডটি। 

কনসার্টের পাশাপাশি লিমায় সদস্য জিমিনের জন্মদিন উপলক্ষে ভক্তদের চমৎকার সব আয়োজন নজর কেড়েছে। ডিজিটাল বিলবোর্ড, ড্রোন শো এবং নানা বার্তার মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান পেরুভিয়ান আর্মিরা। 

অন্যদিকে, লিমা সফর শুরুর আগে হোটেলের সামনে ভক্তদের অতিরিক্ত ভিড় ও ড্রোন ওড়ানোর মতো ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপে কিছুটা বিরক্ত হয়ে দলনেতা আরএম রাখঢাক না রেখেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তবে পরবর্তীতে কনসার্টের মঞ্চে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ভক্তদের ভালোবাসাকে তাঁরা সব সময় শ্রদ্ধা করেন এবং জাতি বা মহাদেশের ভিত্তিতে ভক্তদের আলাদা করেন না। পেরুর পর বিটিএসের পরবর্তী গন্তব্য চিলির সান্তিয়াগো।