কথার দায় গুরুতর

কথা মানুষের ব্যক্তিত্ব ও মানসিকতার পরিচয় দেয়। কথা বলার আগে তার পরিণতি ভাবা জরুরি। গত শুক্রবার মসজিদে হারামের জুমার খুতবায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। 

তিনি বলেন-

হে মুসলিম সম্প্রদায়! কথার দায় অত্যন্ত গুরুতর। কথা এমন এক অস্ত্র, যার দুটি দিক রয়েছে। এটি এমন এক বার্তা, যার বিপরীতমুখী দুটি ফল হতে পারে। চাইলে কথা হতে পারে উজ্জ্বল সূর্যের মতো, আবার তা জ্বালিয়ে দেওয়া আগুনও হতে পারে। কথা হতে পারে চূড়ান্ত প্রমাণ, আবার তা হতে পারে আঘাতকারী তলোয়ার কিংবা ক্ষতিকর কোনো বিষয়। কথা সম্মান ও মর্যাদার বাহক হতে পারে, আবার তা সম্মানহানির কারণও হতে পারে। কথা মানুষকে আনন্দ দিতে পারে, আবার ধ্বংসের বার্তাও বহন করতে পারে। কথা মধুর চেয়েও মিষ্টি হতে পারে, আবার যন্ত্রণার চেয়েও বেশি কষ্টদায়ক হতে পারে।

আমাদের এমন কথা বলা উচিত, যা মানুষের উপকার করে এবং সম্পর্কের উন্নতি ঘটায়। কাউকে কষ্ট দেওয়া, অপমান করা কিংবা ক্ষতি করার জন্য কথা বলা উচিত নয়। আমাদের কথা হোক সত্য, সুন্দর ও কল্যাণকর।