গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ের ঘোষণা নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গঙ্গা চুক্তি এ বছর শেষ হবে। ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে। বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চাকরিতে নিয়োগ-বাণিজ্যসহ বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সভায় নাহিদ ইসলাম বলেন, দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষেরও নিরাপত্তা দিতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এনসিপি মাঠে রয়েছে। ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না। বর্তমান তারেক রহমানের সরকারকে জাতীয়তাবাদী সরকার হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। শুধু মুখে জাতীয়তাবাদের কথা বললেই হবে না, বাংলাদেশের মানুষের স্বার্থ কতটা রক্ষা করা হয়েছে, তা কাজের মাধ্যমে দেখাতে হবে।

তিনি আরও বলেন, সরকার যদি মানুষের স্বার্থ রক্ষায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে না পারে, তাহলে ধরে নেওয়া হবে, পর্দার আড়ালে সমঝোতা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।