মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে নাহিয়ান হোসেন (৪) ও তার তিন বছর বয়সী ফুপাতো বোন হুমাইরা খাতুনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্পপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান ও তার ফুপাতো বোন হুমাইরা দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুকে ভাসতে দেখেন তারা। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।