কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজীপুরের কালীগঞ্জে র‍্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি নিয়ে দুর্যোগবিষয়ক মহড়া প্রদর্শন করেন।

এরপর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক রিয়াদ হোসাইন ও স্কুলশিক্ষার্থী রায়হানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুলশিক্ষার্থীরা।