ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে আবাসিক বাড়িতে আইন অমান্য করে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পৌর শহরের গাঁও গৌরীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তানভীর আহমেদ নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তিনি গাঁও গৌরীপুর এলাকার শেখ জামাল আহমেদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স না থাকা এবং ঝুঁকিপূর্ণ আবাসিক বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে ১৯৫৬ সালের ব্যবসাসংক্রান্ত আইন অনুযায়ী তাঁকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান।
তিনি বলেন, আবাসিক বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত রাখার সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।