ডিসেম্বরের মধ্যে সোনারগাঁও র‍্যাম্প চালুর নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান নির্মাণকাজ ও বিভিন্ন সমস্যা পর্যালোচনায় আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে (সিসিবি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভায় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই) এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মাহমুদুর রহমান সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম এবং বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

সভায় সেতু বিভাগের সচিব জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে তিনি পান্থকুঞ্জ পার্ক এলাকায় অবস্থিত সোনারগাঁও EN-2 র‍্যাম্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে র‍্যাম্পটির নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা এবং ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।

প্রকল্পের ইউটিলিটি অপসারণ ও স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন সচিব। এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট অ্যালাইনমেন্টের মধ্যে ইউটিলিটি স্থানান্তর ও অপসারণ প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ আহমেদ শাফি জানান, ডিপিডিসি, ঢাকা ওয়াসা ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। ব্যয় সাশ্রয় করে ইউটিলিটি স্থানান্তর ও প্রতিস্থাপনে ২৪ ইসিবি কাজ করছে।

অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত সমাধানে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভা আয়োজনের নির্দেশনাও দেন সেতু বিভাগের সচিব।

এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে নির্বিঘ্ন ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে সমন্বিত ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো হয়।

প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ে শেষ করতে প্রয়োজনীয় অর্থসংস্থান দ্রুত নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইইকে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বর ২০২৬-এর মধ্যে প্রকল্পের অর্থসংস্থান নিশ্চিত করতে কার্যক্রম চলছে।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ প্রকল্পের অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন সোনারগাঁও EN-2 র‍্যাম্পের নির্মাণকাজে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার নির্দেশ দেন।

এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।

সভা শেষে সেতু বিভাগের সচিব নির্ধারিত সময়সীমা ও গুণগত মান বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করতে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।