দৌলতপুরে যমুনা নদীতে ৮৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে উপজেলার বাঘুটিয়া, বাচামারা ও চরকাটারী এলাকায় যমুনা নদীতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মৎস্য দপ্তরের উপসহকারী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়াসহ দপ্তরের অন্যান্য সদস্য।

অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন।’ দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ চলবে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।