আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘আই লাভ বাংলাদেশ, আই লাভ ইউএই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এক শিক্ষার্থীকে আর্থিক পুরস্কার এবং চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুরা দেশের শেকড় ও ঐতিহ্য ধারণ করার পাশাপাশি আমিরাতের সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠবে, এটাই প্রত্যাশা।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের চিরন্তন মৈত্রী ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন।