মেধা মেকার এবার নায়িকা

এবার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা শ্রীকান্ত মেকা ও অভিনেত্রী ঊহার মেয়ে মেধা মেকার। ‘মিথ্রি ইন লাভ’ নামে পরিচিত নতুন একটি রোমান্টিক সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। তেলেগু সিনেমায় এতে তার বিপরীতে থাকছেন নবাগত অভিনেতা জয় জাস্তি।

সিনেমাটির প্রযোজনায় রয়েছে মিথ্রি মুভি মেকার্স। সম্প্রতি প্রতিষ্ঠানটি মেধা ও জয়ের প্রথম লুকের পোস্টার প্রকাশ করেছে। সেখানে দুজনকে রোমান্টিক আবহে দেখা গেছে। তবে সিনেমাটির চূড়ান্ত নাম, গল্পের বিস্তারিত ও মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ছবিটি পরিচালনা করছেন পৃথ্বী বনম। এর আগে তিনি ‘৩০ ওয়েডস ২১’ ও ‘মিডল বেঞ্চ রবি’র মতো ওয়েব সিরিজ পরিচালনা করে পরিচিতি পেয়েছেন। সিনেমাটির গল্পের সঙ্গে যুক্ত রয়েছেন নির্মাতা মহেশ বাবু পি। সংগীত পরিচালনা করবেন গীতিকার রামজোগাইয়া শাস্ত্রীর ছেলে সাই হর্ষ।

নায়িকা হিসেবে অভিষেক হলেও অভিনয়ে মেধার অভিজ্ঞতা একেবারে নতুন নয়। অনুষ্কা শেঠি অভিনীত ‘রুদ্রামাদেবী’ সিনেমায় ছোট রুদ্রামাদেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তেলেগু চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলার অপেক্ষায় মেধা।