দুর্গাপূজা উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ভক্তিমূলক গান ‘জয় মা দুর্গা’। দুর্গোৎসবের ধর্মীয় আবহ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নির্মিত গানটি সংগীতার ব্যানারে প্রকাশিত হবে।
অমিত চ্যাটার্জির কথা ও সুরে নির্মিত এই গানে দেবী দুর্গার মহিমা এবং ভক্তির অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। গানের ভাব ও কথাকে উপজীব্য করে নির্মিত ভিডিওতে যুক্ত হয়েছে নান্দনিক দৃশ্যায়ন ও নৃত্যের পরিবেশনা। ভিডিওটি পরিচালনা করেছেন এ বাবুল এবং কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। এতে মডেল হিসেবে দেখা যাবে শিশির সর্দার ও ডিম্পল আহমেদকে। ভিডিওগ্রাফি করেছেন ইয়াসিন বিন আরিয়ান।
দুর্গাপূজায় প্রতি বছরই নতুন গান উপহার দেন ড. অরূপ রতন চৌধুরী। সেই ধারাবাহিকতায় ‘জয় মা দুর্গা’ গানটি পূজার উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে বলে আশাবাদী শিল্পী ও সংশ্লিষ্টরা।