৩৪ বছরেই চলে গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি

হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’খ্যাত অভিনেতা আরজে মেটি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। অভিনেতার অফিশিয়াল প্রতিনিধির বরাতে খবরটি নিশ্চিত করা হয়েছে।

২০০৮ সালে সম্প্রচার শুরু হওয়া বিশ্বকাঁপানো ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের টানা পাঁচটি মৌসুমেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মেটি। বিখ্যাত এই সিরিজে ‘ওয়াল্টার হোয়াইট জুনিয়র’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি ও প্রশংসা পান তিনি। ‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও মেটি অভিনয় করেছেন ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’-এর মতো সমাদৃত কাজগুলোতে।

প্রয়াণের ঠিক আগ পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ সিনেমার প্রচারণায়। ব্যক্তিগত জীবনে ২০২৫ সালে দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল এই তরুণ তারকার।