আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। রটারডামের পর এবার সার্বিয়ার বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুমিত ও সাব্বির হোসেন শোভন।
এর আগে নেদারল্যান্ডসের রটারডাম উৎসবে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ এবং ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে সিনেমাটি। আন্তর্জাতিক অঙ্গনে এই ধারাবাহিক সাফল্য দেশের সিনেমার জন্য এক বড় প্রাপ্তি।
স্থানীয় রাজনীতিতে প্রবেশ করা জহির নামের এক শিক্ষককে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। আদর্শ নিয়ে পথচলা শুরু করলেও ক্ষমতার চাপে নীতির সঙ্গে আপস করতে বাধ্য হন তিনি। রাজনীতি, ক্ষমতা ও নৈতিক অবক্ষয়ের চিত্রফুটে ওঠা এই সিনেমায় জহির চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ ও তাসনোভা তামান্না। এর আগে সুমিতের ‘নোনা জলের কাব্য’ সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।