ছোট্ট আদিবা চলে গেল, হাসপাতালে আশঙ্কাজনক মা

হাফিজা আক্তার সাথী ও তার চার বছরের মেয়ে শেখ আদিবার জ¦র হওয়ায় গত রবিবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় দুজনেরই ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে আদিবা। বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন মা। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাগলপ্রায় বাবা শেখ নিরব হোসেন স্বপন।

নিরব হোসেনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামে। তিনি রাজধানীর উত্তরায় একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্রামের বাড়িতে মেয়ের জানাজা ও দাফন শেষে তাকে আবার ছুটতে হয়েছে অসুস্থ স্ত্রীর কাছে হাসপাতালে।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে আদিবার জ্বর আসে। সাধারণ জ্বর ভেবে প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো শুরু করেন তার বাবা-মা। পর দিন বৃহস্পতিবার রাতে জ্বর আসে মা সাথীরও। প্রাথমিক চিকিৎসায় জ¦র না কমায় গত রবিবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আদিবার মৃত্যু হয়।