ডেঙ্গু ও হাম উপসর্গে ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৯ জন এবং হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ১৩ দিনে ভর্তি ডেঙ্গুতে ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৭৪ জন, মৃত্যু হয়েছে ৭১ জনের।

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১  লাখ ৩ হাজার ৩৯৬ জন। মৃত্যু হয়েছে ৩১৬ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫৪ জন। ২৪ ঘণ্টায় মৃত চট্টগ্রাম-ময়মনসিংহে একজন করে, ঢাকা উত্তর সিটি ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৫ জন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ছয়জনের তিনজন ঢাকায়, চট্টগ্রাম দুজন ও সিলেটে একজন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৪ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১৭০ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে

হামের উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জন। হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।