পার্বত্যচুক্তির সঙ্গে সাংঘর্ষিক ৩ কমিটি বাতিলের দাবি

পার্বত্যচুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিনটি জাতীয় কমিটি বাতিলের দাবি জানিয়েছেন চুক্তি বাস্তবায়ন আন্দোলনসংশ্লিষ্ট ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা। তারা গতকাল রাজধানীতে প্রচারপত্র বিলি করেন। বিকেলে পুরানা পল্টন মোড়ে সমাবেশ দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়।

চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের পরিবর্তে সরকার নতুন করে সংকট তৈরি করছে।’ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, চুক্তি স্বাক্ষরের প্রায় ২৯ বছর পরও এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।

প্রচারপত্রে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ তিনটি কমিটি গঠন করে। সংগঠনগুলোর অভিযোগ এসব কমিটি পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। কর্মসূচি থেকে আট দফা দাবি জানানো হয়।