জয়পুরহাটে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজ সংলগ্ন একটি চায়ের টং ঘরের পিছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাকোয়াত পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাকোয়াত তার ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
​
পরদিন বুধবার সকালে স্থানীয় পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টং ঘরের পেছনে সাকোয়াতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ  জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।