বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির বিক্ষোভ-সমাবেশ

বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতি বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় বেনাপোল কাস্টম হাউসের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সমাবেশের ফলে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে কোন মালামাল পরিবহন হয়নি। এ সময় ট্রাক শ্রমিকরা বন্দর থেকে মালামাল লোড বন্ধ করে দেয়।  

সমাবেশে সভাপতিত্ব করেন, মোস্তাক আহমেদ মাখন, বক্তব্য রাখেন, মাশয়ার রহমান, মুসা করিম, ও রিপন হোসেন। ট্রান্সপোর্ট মালিক সমিতি সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির বিরুদ্ধে অপপ্রচার, মোটা অংকের অর্থ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করা ও ভারতকে বিএনপি থেকে বহিস্কারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সদস্যরা বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতিতে ৭০০-এর বেশি সদস্য রয়েছেন। এই সংগঠন সদস্যদের স্বার্থ রক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রত্যেক সদস্যের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। সদস্যদের মৃত্যুকালীন ২ লাখ টাকা ও চিকিৎসা ভাতাসহ সদস্যদের কল্যাণে কাজ করা সনির নেতৃত্বে সদস্যরা সন্তোষ প্রকাশ করেছে।

তবে কিছু আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের সাথে নিয়ে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপিরসহ সভাপতি আতিকুজ্জামান সনিসহ অন্যান্য বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত।  

এ সময় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মাখন বলেন, আমাদের সংগঠনে কোনো অপশক্তির ঠাঁই নেই। সংগঠনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রতিবাদকারীরা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিএনপি থেকে বহিস্কার করা না হলে বেনাপোল বন্দর থেকে মালামাল পরিব্হন বন্ধ করে দেয়া হবে। তাদের এই দাবির সাথে আরও ২টি সংগঠন একাত্মতা ঘোষণা করেছে বলে জানা গেছে।