ফরিদপুরে অসহায় পরিবারকে সাহায্য করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় লকাই বিশ্বাসের পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি ১০ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং কয়েকটি পরিবারকে কর্মসংস্থান ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া কয়েকটি পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় বিএনপির নেতারা।

আয়োজকেরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।