ফেসবুকে কী দেখবেন, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবার আপনার হাতে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোন ধরনের পোস্ট ব্যবহারকারীর ফিডে দেখানো হবে, তা নির্ধারণের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন ফিচার ‘ইয়োর অ্যালগরিদম’ চালু করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ফিচার চালুর ঘোষণা দেয় মেটা।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ ও আগ্রহের কথা স্বাভাবিক ভাষায় লিখে জানাতে পারবেন। এর ভিত্তিতে ফেসবুকের ফিড ও রিলসে কোন ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান, তা নির্ধারণে প্রভাব রাখতে পারবেন তারা। এত দিন মূলত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কনটেন্টের সুপারিশ করা হলেও নতুন ফিচার ব্যবহারকারীদের সরাসরি নিজেদের পছন্দ জানানোর সুযোগ দেবে।

MixCollage-14-Oct-2026-04-01-PM-9552

মেটার ভাষ্য, ব্যবহারকারীদের কাছে আরও প্রাসঙ্গিক কনটেন্ট পৌঁছে দেওয়াই এ ফিচারের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ পরিবর্তন করতে পারবেন এবং পোস্ট সাজানো ও সুপারিশ করার অ্যালগরিদমকে নিজেদের আগ্রহ সম্পর্কে জানাতে পারবেন। পছন্দের পরিবর্তন অনুযায়ী তাদের কনটেন্ট সুপারিশও তাৎক্ষণিকভাবে হালনাগাদ হবে।

এ ছাড়া ফেসবুকের পোস্টের পাশে থাকা তিন ডটের মেনুতেও পরিবর্তন এনেছে মেটা। ফলে কোনো নির্দিষ্ট পোস্ট দেখার সময় ব্যবহারকারীরা সহজেই নিজেদের কনটেন্ট পছন্দ নিয়ন্ত্রণ করতে পারবেন। ওই মেনু থেকে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনে যাওয়ার পাশাপাশি ‘ইন্টারেস্টেড’ ও ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করে কোনো কনটেন্ট তাদের পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা জানানো যাবে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের পছন্দ আরও ভালোভাবে বুঝতে ফিচারটি প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করতে পারে। এর মাধ্যমে কোনো ধরনের কনটেন্ট কেন তাদের ভালো লেগেছে বা অপছন্দ হয়েছে, সে বিষয়ে আরও বিস্তারিত মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে। ব্যবহারকারীদের এসব প্রতিক্রিয়ার ভিত্তিতে ফেসবুকের কনটেন্ট সুপারিশব্যবস্থা আরও পরিমার্জিত হবে।

MixCollage-14-Oct-2026-04-01-PM-4652

কৃত্রিম বুদ্ধিমত্তা যখন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট খুঁজে পাওয়া ও দেখার অভিজ্ঞতাকে ক্রমেই প্রভাবিত করছে, তখন ব্যবহারকারীদের নিজেদের অভিজ্ঞতার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে মেটা। দীর্ঘদিন ধরে প্রচলিত স্বয়ংক্রিয় সুপারিশব্যবস্থার পাশাপাশি ব্যবহারকারীর সরাসরি পছন্দ ও নির্দেশনাকে গুরুত্ব দেওয়ার দিকে এটি একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্ট সুপারিশ করার সুযোগ থাকা স্ট্রিমিং সেবাগুলোর সঙ্গে ফেসবুকের এ উদ্যোগের কিছুটা মিল রয়েছে।

মেটার অন্যান্য প্ল্যাটফর্মেও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর এ ধরনের উদ্যোগ রয়েছে। ইনস্টাগ্রামে গত জুনে ‘ইয়োর অ্যালগরিদম’ ফিচারটি চালু করা হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রিলসের জন্য ফিচারটি প্রথম চালু হয়েছিল। পরে ইনস্টাগ্রামের ফিড ও এক্সপ্লোরেও কনটেন্ট সুপারিশে ব্যবহারকারীদের পছন্দ নিয়ন্ত্রণের সুযোগ সম্প্রসারণ করা হয়।

এদিকে মেটার আরেক সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসেও এ ধরনের একটি ফিচার চালু হয়েছে। ‘ডিয়ার অ্যালগো’ নামের এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কাছে কী ধরনের কনটেন্ট সুপারিশ করা হবে, সে বিষয়ে প্রভাব রাখতে পারেন।