দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

এলপিজি ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান দেশ রূপান্তরকে জানান, দাবিগুলো নিয়ে আগামী ২৯ তারিখ সকালে বিইআরসিতে গণশুনানি হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে সকালে এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ওই বৈঠক থেকে জানানো হয়, জনগণকে জিম্মি করে এলপিজি ধর্মঘট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ী সমিতি। 

গত ১২অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ওই এলপিজি বিক্রি বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়। এ দিন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এলপি গ্যাসের সরবরাহ, মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

কমিশন বাড়ানো, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দাবিতে সারাদেশে ওই ধর্মঘট আহ্বান করেছিলেন ব্যবসায়ীরা।