নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তাঁর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তাঁর ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে এবং অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গলি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনরায় জামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তাঁর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীতে ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে ওঠেন। তখন নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরা আইভীর পাশেই অবস্থান করছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আদালত প্রাঙ্গণে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হিসেবে তাঁরা মঙ্গলবার আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তিনি বলেন, প্রতিনিয়ত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরই অংশ হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ আদালতে পাঠানো হয়েছে।