মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ সদর ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন মো. বারেক বেপারী (৪৯), সুজন বেপারী (৩৮) ও মনির হোসেন (৪৫)। তাদের মধ্যে মঙ্গলবার দিবাগত গভীর রাতে টাঙ্গাইল থেকে বারেককে এবং বুধবার সকালে মুন্সীগঞ্জ থেকে সুজন ও মনিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন ও মনির সহোদর ভাই। তারা মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল শিলই গ্রামের কাসেম বেপারীর ছেলে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি। সেখানে রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হারমোনিয়ামের ভেতরে নিখুঁতভাবে লুকানো দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, তিনি অস্ত্র ও গুলিগুলো মুন্সীগঞ্জ সদরের সুজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে শিলই গ্রামে অভিযান চালায় এসআরবির সদস্যরা।

এ সময় সুজনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে সুজন ও তার বড় ভাই মনিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।